রাজনীতি

নাসীরুদ্দীনের অভিযোগ নিয়ে মুখ খুললেন মির্জা আব্বাস

প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬ ০৩:৩৪

পাটওয়ারী ও মির্জা আব্বাস (ডানে)

ঢাকা ৮ আসনের সংসদ প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর করা হামলার অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

মঙ্গলবার রাজধানীর মালিবাগ গুলবাগ এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি শাহজাহানপুর মালিবাগ প্রথম লেন থেকে মৌচাক হয়ে মালিবাগ মোড় ঘুরে রাজারবাগ পুলিশ গেট পর্যন্ত গণসংযোগ করেন। বিকেলে ১১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী মিছিলেও অংশ নেন তিনি।

মির্জা আব্বাস বলেন, চা খাওয়ার দাওয়াত দেওয়া নাকি এখন হুমকি হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। কোথায় কী ঘটে গেলেও সবকিছুর দায় যেন তাঁর ওপরই চাপানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এসব অভিযোগে তিনি উদ্বিগ্ন বলেও জানান।

তিনি বলেন, তিনি তরুণ বয়সে ঢাকা শহরের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং শহরের নানা প্রান্তে তাঁর পরিচিতজন রয়েছে। তবুও তিনি কোনো উসকানিতে পা দেবেন না বলে স্পষ্ট করেন। নির্বাচনে নিজের ভোট নিজে চাইবেন এবং অন্যদেরও এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভোট চাইতে আহ্বান জানান।

নির্বাচনী মাঠে কিছু প্রার্থীর আচরণ নিয়ে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, নির্বাচনের সময় কিছু অস্থায়ী মুখ দেখা যায়, যারা পরে আর এলাকায় থাকে না। তিনি ১৯৯১ সাল থেকে নিয়মিত নির্বাচনে অংশ নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আন্দোলন সংগ্রামের সময় এলাকার মানুষ তাঁর পাশে ছিল এবং প্রয়োজনে তিনি সবসময় জনগণের কাছে পাওয়া গেছেন।

তিনি আরও বলেন, একাধিকবার সংসদ সদস্য থাকলেও কেউ তাঁর কাছে এসে খালি হাতে ফিরে যায়নি। তবে তিনি কখনো মিথ্যা আশ্বাস দেননি এবং যা পারবেন না, তা বলার অভ্যাস তাঁর নেই।

নাসীরুদ্দীনের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা এসব অভিযোগ তুলছে, তাদের বিরুদ্ধেই চাঁদাবাজির প্রশ্ন রয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচনের দিন জনগণই এসবের জবাব দেবে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।

শেষে তিনি বলেন, একটি পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা চলছে এবং সবকিছুর দায় বিএনপির ওপর চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে। তবে বিএনপি কোনোভাবেই এসব উসকানিতে জড়াবে না বলেও তিনি স্পষ্ট করে জানান।

বায়ান্ননিউজ২৪/সৈকত

রাজনীতি থেকে আরো পড়ুন