প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬ ২১:৫৫
টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ও বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শনিবার বিকেলে ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার আগের অবস্থানেই অনড় থাকার কথা স্পষ্টভাবে জানিয়েছে বিসিবি।
বিসিবির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানায়, বৈঠকে আইসিসিকে সরাসরি জানানো হয়েছে যে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে প্রস্তুত নয়। একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচসূচি ও ভেন্যু পুনর্বিন্যাস করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। আইসিসির পক্ষ থেকে সংস্থাটির নিরাপত্তা প্রধান সরাসরি উপস্থিত থেকে বিসিবির বক্তব্য শোনেন। এছাড়া আইসিসির আরেক শীর্ষ কর্মকর্তা অনলাইনে যুক্ত হন।
বিসিবির এক পরিচালক জানান, বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের উদ্বেগ ও নিরাপত্তা সংক্রান্ত মতামত বিস্তারিতভাবে আইসিসির সামনে তুলে ধরা হয়েছে। খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়।
বৈঠক শেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, সভাটি গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলোচনার এক পর্যায়ে বিশ্বকাপের গ্রুপ বিন্যাস পরিবর্তনের সম্ভাবনাও উঠে আসে, যাতে আয়োজন সংক্রান্ত জটিলতা কমানো যায়। পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়েছে।
তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
এর আগে ভার্চুয়াল বৈঠকেও একই অবস্থান জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সরাসরি আলোচনার জন্য ঢাকায় আসেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে আইসিসির আরেক কর্মকর্তা গৌরভ সাক্সেনা সরাসরি আসতে না পারলেও অনলাইনে বৈঠকে অংশ নেন।
বিশ্বকাপ ভেন্যু ও নিরাপত্তা ইস্যুতে বিসিবির এই দৃঢ় অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা ও জল্পনা তৈরি করেছে।
বায়ান্ননিউজ২৪/সৈকত মাহমুদ
ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন