রাজনীতি

জোট ছাড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের, ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬ ১৯:০২

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে না যাওয়ার ঘোষণা দিয়েছে। দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৬৮টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে।

 

শুক্রবার ১৬ জানুয়ারি বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

 

তিনি বলেন, ইসলামী আন্দোলন ইসলামপন্থি জনতার আবেগ ও বিশ্বাসের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করতে পারে না। ইসলামী রাষ্ট্র ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে যে আদর্শিক পথচলা, সেখান থেকে বিচ্যুত হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

 

গাজী আতাউর রহমান জানান, আসন্ন নির্বাচনে দলটি ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল। এর মধ্যে দুটি আসনে মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮টি আসনে প্রার্থীরা মাঠে রয়েছেন। তাদের সবাইকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

 

জোট থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ইসলামপন্থি শক্তিগুলোকে একত্রিত করার যে চেষ্টা চলছিল, শেষ পর্যায়ে এসে সেই লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ঘোষণায় ইসলামী আন্দোলন স্পষ্টভাবে দ্বিমত পোষণ করেছে।

 

তিনি বলেন, ইসলামী আন্দোলনের অবস্থান বরাবরই পরিষ্কার। প্রচলিত আইন দিয়ে গত ৫৪ বছরে দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হয়নি। এই আইন বৈষম্য ও অন্যায়ের জন্ম দিয়েছে। ইসলামী আইনই ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায় ও শান্তি নিশ্চিত করতে পারে।

 

গাজী আতাউর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামীর ক্ষমতায় যাওয়ার পথে তারা বাধা হতে চায় না। তবে ইসলামের আইনের প্রশ্নে আপস করে কোনো রাজনৈতিক জোটে থাকা তাদের জন্য সম্ভব নয়। সে কারণেই ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বায়ান্ননিউজ২৪/আবির

রাজনীতি থেকে আরো পড়ুন