ক্রীড়াঙ্গন

বৃহস্পতিবারের মধ্যে বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জন

প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬ ০২:০৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে কঠোর অবস্থান নিয়েছে ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দাবি মানা না হলে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের আলটিমেটাম দেওয়া হয়েছে।

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্য করায় নতুন করে সমালোচনার মুখে পড়েন এম নাজমুল ইসলাম। এর আগেও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। সর্বশেষ মন্তব্যের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, কোনো ব্যক্তির ব্যক্তিগত মন্তব্যের দায় বোর্ড নেবে না। তবে ক্রিকেটারদের প্রতি অবমাননাকর আচরণ কিংবা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে বিসিবি।

তবে বিসিবির এই অবস্থানকে যথেষ্ট মনে করছেন না ক্রিকেটাররা। ঘটনার পরপরই কড়া প্রতিক্রিয়া জানায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, একজন দায়িত্বশীল পরিচালক বারবার ক্রিকেটারদের সম্মানহানি করলে তা পুরো ক্রিকেট ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে।

এক ভিডিও বার্তায় মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল ১৫ জানুয়ারি বিপিএলের ম্যাচ শুরুর আগেই এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জন করা হবে। তিনি বলেন, এই আন্দোলন শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি ক্রিকেটারদের সম্মান ও দেশের ক্রিকেটের মর্যাদা রক্ষার লড়াই।

ক্রিকেটাঙ্গনে এই ঘোষণার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, দ্রুত সমাধান না এলে বিপিএলসহ দেশের ক্রিকেট সূচিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন