ক্রীড়াঙ্গন

তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ আখ্যা, বিসিবি পরিচালকের মন্তব্যে তোলপাড়

প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬ ১৮:৩৬

তামিম ইকবাল খান

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ব্যাটসম্যানদের একজন তামিম ইকবালকে ঘিরে এবার তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মতামত দেওয়ার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরোক্ষভাবে তামিমকে ‘ভারতের দালাল’ বা ‘ভারতীয় এজেন্ট’ হিসেবে আখ্যা দেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশের ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদের ঝড় উঠেছে।

 

তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজারের বেশি রান, আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি, ওয়ানডেতে একাধিক বিশ্বরেকর্ড এবং দীর্ঘ সময় জাতীয় দলের নেতৃত্ব দিয়ে তিনি নিজেকে দেশের ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এমন একজন ক্রিকেটারকে নিয়ে বিসিবির শীর্ষ পর্যায়ের পরিচালকের মন্তব্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিস্ময় ও ক্ষোভ তৈরি হয়েছে।

 

ঘটনার সূত্রপাত টি টোয়েন্টি বিশ্বকাপে বিসিবির ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তামিম ইকবালের কিছু প্রশ্ন ও পর্যবেক্ষণকে কেন্দ্র করে। এরপর ফেসবুকে দেওয়া এক পোস্টে এম নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ আরেক পোস্টে তিনি ইঙ্গিত করে বলেন, দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতের পক্ষে কথা বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লিজেন্ডারি ক্রিকেটার।

 

এই মন্তব্য প্রকাশের পরপরই বর্তমান ও সাবেক ক্রিকেটাররা প্রকাশ্যে প্রতিবাদ জানাতে শুরু করেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দেশের ক্রিকেটে বড় অবদান রাখা একজন সাবেক অধিনায়ককে ঘিরে এমন মন্তব্য দেশের ক্রিকেটের জন্য সহায়ক নয় এবং দায়িত্বশীল মহলের আরও সতর্ক হওয়া উচিত।

 

বামহাতি স্পিনার তাইজুল ইসলাম এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তার মতে, বোর্ডের একজন পরিচালক এভাবে কথা বললে পেশাদারিত্ব ও নৈতিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়।

 

সাবেক অধিনায়ক মমিনুল হকও কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেন, তামিম ইকবালকে উদ্দেশ্য করে করা মন্তব্য শুধু একজন ক্রিকেটার নয়, পুরো ক্রিকেট সমাজের জন্যই অপমানজনক। এত বড় দায়িত্বে বসে ন্যূনতম শিষ্টাচারও মানা হয়নি বলে তিনি মন্তব্য করেন।

 

এদিকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিওএবি এক বিবৃতিতে জানায়, তারা এই মন্তব্যে স্তব্ধ ও ক্ষুব্ধ। সংগঠনটি বিসিবি সভাপতির কাছে লিখিতভাবে প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

 

দেশের ক্রিকেট ইতিহাসে যিনি বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করেছেন, যিনি বিশ্বকাপে রেকর্ড গড়ে জাতীয় দলের ব্যাটিংয়ের ভিত্তি তৈরি করেছেন সেই তামিম ইকবালকে ঘিরে এমন বিতর্ক বিসিবির অভ্যন্তরীণ শিষ্টাচার ও আচরণবিধি নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা।

বায়ান্ননিউজ২৪/সৈকত

ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন