ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৮ নভেম্বর এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে নিশ্চিত করেছে কমিশন।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খানআবি শাহানুর খানের সই করা একটি বিস্তারিত পরিপত্র সোমবার জারি করা হয়, যেখানে প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও কাগজপত্রের তালিকা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসীরা অনলাইনে নিবন্ধন ফরম-২ক পূরণ করে প্রক্রিয়াটি শুরু করতে পারবেন। আবেদন করতে হলে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ (অনলাইন ভেরিফাইড), পাসপোর্টের কপি (বাংলাদেশি বা বিদেশি) অথবা তিনজন বাংলাদেশি এনআইডিধারীর স্বাক্ষরযুক্ত নাগরিকত্ব প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
আবেদনকারীর মা-বাবার জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা মৃত্যুসনদ, ওয়ারিশ সনদ ও বাংলাদেশের নাগরিক সনদও প্রয়োজন হবে। এছাড়া এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি বাধ্যতামূলক।
প্রয়োজনে শিক্ষা সনদ, নিকাহনামা, স্বামী বা স্ত্রীর এনআইডি, স্থানীয় কর্তৃপক্ষের নাগরিক সনদ, এবং ঠিকানাসংবলিত ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রশিদের কপিও দিতে হতে পারে।
ইসির পরিপত্রে বলা হয়েছে, প্রবাসী আবেদনকারীরা নির্ধারিত বাংলাদেশ দূতাবাস বা মিশন অফিসে সরাসরি উপস্থিত হয়ে ছবি, বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর) দিতে পারবেন। প্রয়োজনীয় সব দলিল সেখানে জমা দিতে হবে।
যদি আবেদনকারী বিদেশে থাকেন, তবে তার পক্ষে বাংলাদেশে অবস্থানরত কোনো প্রতিনিধি সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে দলিলাদি জমা দিতে পারবেন।
ইসি আরও জানিয়েছে, নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসার একটি সরেজমিন তদন্ত প্রতিবেদন তৈরি করবেন। এই প্রতিবেদন ছাড়া প্রবাসীর ভোটার নিবন্ধন সম্পূর্ণ হবে না।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নতুন এই অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা সহজেই ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন— যা আগে শুধুমাত্র দূতাবাসে দীর্ঘ প্রক্রিয়া মেনে করা যেত।
কমিশনের এক কর্মকর্তা বলেন, “এ উদ্যোগটি প্রবাসী ভোটারদের জন্য বড় সুযোগ। তারা অনলাইনে আবেদন করে প্রক্রিয়া শুরু করতে পারবেন, বাকি যাচাই ও বায়োমেট্রিক হবে নির্ধারিত মিশন অফিসে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ উদ্যোগটিকে অনেকেই প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
বায়ান্ননিউজ২৪/আইরিন
প্রবাস থেকে আরো পড়ুন