প্রবাস

আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশীসহ নিখোঁজ প্রায় ২৫০

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ২১:০৭

আন্দামান সাগরে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক যৌথ বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনার কথা জানিয়ে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রলারটি কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে আন্দামান সাগরে প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় দুর্ঘটনার মাত্রা আরও বেড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলমান বাস্তুচ্যুতি, নিরাপদ প্রত্যাবাসনের অনিশ্চয়তা এবং শরণার্থী শিবিরে সীমিত সুযোগ-সুবিধার কারণে অনেক রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে এমন বিপজ্জনক সমুদ্রপথ বেছে নিচ্ছেন। মানবিক সহায়তা কমে যাওয়া এবং কর্মসংস্থানের অভাবও এই ঝুঁকিপূর্ণ যাত্রার অন্যতম কারণ।

বিবৃতিতে আরও বলা হয়, পাচারকারীরা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অসহায় মানুষকে বিভ্রান্ত করছে, যা তাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। আন্দামান সাগর ইতোমধ্যেই এমন বহু দুর্ঘটনার সাক্ষী, যেখানে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ।

এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি সহায়তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে, যাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখা যায় এবং একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা দেওয়া সম্ভব হয়।

এদিকে নিখোঁজদের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

প্রবাস থেকে আরো পড়ুন