মোট ২০টি ভিসা ক্যাটাগরির তালিকা দেওয়া হয়েছে এই নির্দেশনায়
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ ০৪:১৯
লন্ডনের আইকনিক টাওয়ার ব্রিজ, ছবি: বায়ান্ননিউজ
যুক্তরাজ্যে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ব্রিটিশ সরকার সম্প্রতি নতুন করে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে কোন কোন কর্মভিসাধারীরা তাদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে আসতে পারবেন। মোট ২০টি ভিসা ক্যাটাগরির তালিকা দেওয়া হয়েছে এই নির্দেশনায়।
দীর্ঘমেয়াদি কর্মভিসা
সবচেয়ে পরিচিত ও বহুল ব্যবহৃত স্কিলড ওয়ার্কার ভিসাধারীরা নির্দিষ্ট শর্তে পরিবারের সদস্যদের আনতে পারবেন। এছাড়া উচ্চদক্ষ পেশাদারদের জন্য বিশেষভাবে তৈরি গ্লোবাল ট্যালেন্ট ভিসা, হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা, ইনোভেটর ফাউন্ডার, স্টার্ট-আপ ও স্কেল-আপ ভিসাধারীরাও এই সুবিধার আওতায় রয়েছেন। দীর্ঘমেয়াদি তালিকায় আরও রয়েছে ইউকে অ্যানসেস্ট্রি ভিসা এবং টি-টু মিনিস্টার অব রিলিজিয়ন ভিসা।
গ্লোবাল বিজনেস মোবিলিটি রুট
বহুজাতিক কোম্পানিগুলোর কর্মীদের জন্য তৈরি গ্লোবাল বিজনেস মোবিলিটি রুটের বেশ কয়েকটি ক্যাটাগরিও এই তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে সিনিয়র ও স্পেশালিস্ট ওয়ার্কার, গ্র্যাজুয়েট ট্রেইনি, ইউকে এক্সপ্যানশন ওয়ার্কার, সার্ভিস সাপ্লায়ার এবং সেকেন্ডমেন্ট ওয়ার্কার। এই রুটে আগে যাদের ইন্ট্রা-কোম্পানি ট্রান্সফার ভিসা ছিল, তারাও এই সুবিধার আওতাভুক্ত।
অস্থায়ী কর্মভিসা
শুধু দীর্ঘমেয়াদি ভিসা নয়, কিছু অস্থায়ী কর্মভিসাধারীরাও পরিবার আনার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভ ওয়ার্কার, রিলিজিয়াস ওয়ার্কার, চ্যারিটি ওয়ার্কার, গভর্নমেন্ট অথরাইজড এক্সচেঞ্জ এবং ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্ট রুট। এছাড়া ইন্টারন্যাশনাল স্পোর্টসপারসন ভিসাধারীরাও এই সুবিধা পাবেন।
যা জানা জরুরি
তালিকাভুক্ত ভিসা থাকলেই পরিবারের সবাই স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্যে আসতে পারবেন না, এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সরকার। পরিবারের প্রতিটি সদস্যের আলাদাভাবে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে সম্পর্ক, বয়স এবং বর্তমান অভিবাসন স্ট্যাটাস বিবেচনায় নেওয়া হবে।
তবে যিনি ইতোমধ্যে অন্য কোনো বৈধ অনুমতির ভিত্তিতে যুক্তরাজ্যে আছেন, যেমন ইউরোপীয় ইউনিয়ন সেটেলমেন্ট স্কিম বা ইইউএসএস স্ট্যাটাসধারী, তাকে নতুন করে ডিপেনডেন্ট হিসেবে আবেদন করতে নাও হতে পারে।
সরকারি এই নির্দেশনাটি মূলত অভিবাসন কর্মকর্তাদের জন্য একটি আইনি কাঠামো হিসেবে কাজ করবে। তাই পরিবারকে যুক্তরাজ্যে আনার পরিকল্পনা করলে আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট ভিসা রুটের সর্বশেষ সরকারি নির্দেশনা যাচাই করে নেওয়া জরুরি। প্রয়োজনে অভিজ্ঞ অভিবাসন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।
প্রবাস থেকে আরো পড়ুন