প্রবাস

বিকল্প শ্রমবাজারের খোঁজে ইউরোপ ও লাতিন আমেরিকার ৭ দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ ১৩:৩২

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ইউরোপসহ সাতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

প্রস্তাবিত দেশগুলোর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। এসব দেশের পাশাপাশি আরও সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার বাড়াতে কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করা হয়েছে। এ জন্য উচ্চপর্যায়ের সফর আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের শ্রমবাজার বিশ্লেষণ করে পেশাভিত্তিক চাহিদা নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী স্থানীয় লবিস্ট ও বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের কথাও ভাবা হচ্ছে।

শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে মালয়েশিয়ার বাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি থাইল্যান্ডের সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া জাপানে দক্ষ কর্মীর চাহিদা বাড়ায় দেশটিতে জনশক্তি পাঠাতে ভাষা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে দেশের ৫৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে জাপানি ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি রাশিয়ান, আরবি, জার্মান ও ইতালিয়ান ভাষা প্রশিক্ষণের ব্যবস্থাও সম্প্রসারণ করা হয়েছে।

সরকার বলছে, নতুন বাজার তৈরি এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রবাসী আয় বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রবাস থেকে আরো পড়ুন