প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৫
ছবি: ইন্টারনেট
ছোট ছোট বিষয়েও কি মাথা গরম হয়ে যায়? একবার রাগ উঠে গেলে তা সহজে কমতে চায় না? আপনি একা নন, এমন সমস্যায় ভোগেন আরও অনেকেই। রাগ আমাদের স্বভাবেরই একটি স্বাভাবিক অংশ, তবে একে নিয়ন্ত্রণে রাখতে জানাও সমান জরুরি। কারণ অনিয়ন্ত্রিত রাগ শরীর ও মনের পাশাপাশি সম্পর্কের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। রাগ সামলাতে চাইলে দেখে নেওয়া যাক কয়েকটি কার্যকর উপায়।
কথা বলার আগে একটু থামুন
উত্তেজিত মুহূর্তে এমন কিছু বলে ফেলা সহজ, যা নিয়ে পরে অনুশোচনা হতে পারে। কিছু বলার আগে নিজের চিন্তা গুছিয়ে নিতে কয়েক মুহূর্ত সময় নিন, এবং পরিস্থিতিতে জড়িত অন্যদেরও একই সুযোগ দিন।
শান্ত হয়ে নিজের কথা বলুন
মাথা ঠান্ডা থাকলে নিজের হতাশা বা অস্বস্তি দৃঢ়ভাবে অথচ আক্রমণাত্মক না হয়ে প্রকাশ করা সহজ হয়। কাউকে আঘাত বা নিয়ন্ত্রণ না করে নিজের প্রয়োজন ও উদ্বেগগুলো স্পষ্ট ও সরাসরি বলুন।
শরীরচর্চা করুন
শারীরিক কার্যকলাপ মানসিক চাপ কমাতে সাহায্য করে, যা প্রায়ই রাগের উৎস। রাগ বাড়তে থাকলে দ্রুত হাঁটুন, দৌড়ান, বা এমন কোনো শারীরিক কাজ করুন যা আনন্দ দেয়।
ছোট বিরতি নিন
বিরতি শুধু শিশুদের জন্য নয়। দিনের চাপপূর্ণ সময়গুলোতে নিজেকে ছোট ছোট বিরতি দিন। কয়েক মুহূর্তের শান্ত সময় পরিস্থিতি আরও ভালোভাবে সামলাতে প্রস্তুত করে তোলে।
সমাধানের দিকে মনোযোগ দিন
রাগের কারণের দিকে বারবার ফিরে না তাকিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করুন। যেমন সন্তানের অগোছালো ঘর বিরক্তির কারণ হলে দরজা বন্ধ রাখুন, সঙ্গী প্রতিদিন দেরিতে খেতে এলে খাওয়ার সময় নির্দিষ্ট করে নিন। পাশাপাশি বুঝে নিন কোন বিষয়গুলো নিয়ন্ত্রণের বাইরে, এবং কোনগুলো বদলানো সম্ভব সে বিষয়ে বাস্তবসম্মত থাকুন। মনে রাখা জরুরি, রাগ কোনো সমস্যার সমাধান করে না, বরং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
"আমি" দিয়ে কথা শুরু করুন
দোষারোপ বা সমালোচনা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এর বদলে "আমি" দিয়ে বাক্য শুরু করে নিজের অনুভূতি স্পষ্টভাবে জানান। যেমন "তুমি কখনো ঘরের কাজ করো না" না বলে বলুন, "থালাবাসন ধোয়ায় সাহায্য না করে চলে যাওয়ায় আমি কষ্ট পেয়েছি।"
মনে ক্ষোভ পুষে রাখবেন না
ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার। রাগ ও নেতিবাচক অনুভূতিকে জিইয়ে রাখলে তা তিক্ততা বাড়ায়। যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দিলে দুজনেই সেই অভিজ্ঞতা থেকে শিখতে পারেন এবং সম্পর্ক আরও মজবুত হয়।
হালকা হাস্যরসের সাহায্য নিন
হালকা মেজাজ উত্তেজনা কমাতে সাহায্য করে। তবে বিদ্রূপ এড়িয়ে চলা জরুরি, কারণ তা অনুভূতিতে আঘাত করে পরিস্থিতি আরও খারাপ করতে পারে। এমনভাবে হাস্যরস ব্যবহার করুন যাতে কেউ কষ্ট না পায়, অথচ উত্তেজনা কমে যায়।
শিথিলতার কৌশল অনুশীলন করুন
মেজাজ বিগড়ে গেলে গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন, একটি প্রশান্তিদায়ক দৃশ্য কল্পনা করুন, বা মনে মনে কোনো শান্ত করা শব্দ বা বাক্য আওড়ান। গান শোনা, ডায়েরি লেখা বা কিছু যোগব্যায়ামও সাহায্য করতে পারে, যা কিছুতে আরাম মেলে তাই চেষ্টা করুন।
প্রয়োজনে সাহায্য নিতে দ্বিধা করবেন না
রাগ নিয়ন্ত্রণ করা শেখা সবসময় সহজ নয়। রাগ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এমন কিছু করতে বাধ্য করে যার জন্য পরে অনুশোচনা হয়, বা আশপাশের মানুষদের কষ্ট দেয়, তাহলে একজন বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই সবচেয়ে ভালো সমাধান।
লাইফস্টাইল থেকে আরো পড়ুন