ছবি: সংগৃহীত
সিলেট শহরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই বাসার বাসিন্দা ব্যবসায়ী আব্দুস সত্তার মিয়া (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) এবং তাদের ২৫ বছর বয়সী গৃহপরিচারিকা।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল অবস্থান করছে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, নিহত দম্পতির চার সন্তানের মধ্যে দুইজন লন্ডনে এবং অন্য দুইজন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তারা রায়নগরের ওই বাসায় থাকতেন।
নিহত দম্পতির ভাগনে মুন্না মিয়া জানান, বুধবার সকাল ৯টার দিকেও তাদের সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়েছিল। এরপরই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, সকাল ৯টার পর কোনো একসময় এ ঘটনা ঘটেছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন