প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ০৩:২৬
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই প্রথম বড় নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করেছেন অ্যান্ডি বার্নহাম। তিনি জানিয়েছেন, দেশজুড়ে সরকার পরিচালিত ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা বাতিল করা হবে। এর পরিবর্তে প্রকল্পটির জন্য নির্ধারিত অর্থ জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার কাজে ব্যয় করা হবে।
সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে বার্নহামের কার্যালয় এ ঘোষণা দেয়। এক বিবৃতিতে বলা হয়, ব্যয়বহুল জাতীয় প্রকল্পের পরিবর্তে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানেই নতুন সরকারের অগ্রাধিকার থাকবে।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সরকার কর্মরত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা নিয়েছিল। তবে ব্যাপক সমালোচনা এবং জনমতের চাপে পরে বাধ্যতামূলক ব্যবস্থা থেকে সরে এসে এটিকে স্বেচ্ছাভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্নহামের কার্যালয়ের ভাষ্য, ডিজিটাল আইডি প্রকল্পে যে সময় ও অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, তা এখন জীবনযাত্রার ব্যয় মোকাবিলা, জনসেবা উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
স্টারমার সরকারের পরিকল্পনায় ডিজিটাল আইডির মাধ্যমে অবৈধভাবে কর্মসংস্থানে যুক্ত অভিবাসীদের শনাক্ত করা, সরকারি সেবায় দ্রুত পরিচয় যাচাই এবং একক অ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ তৈরির কথা বলা হয়েছিল।
তবে গত বছর যুক্তরাজ্যের স্বাধীন বাজেট দপ্তর (ওবিআর) প্রকল্পটির সম্ভাব্য ব্যয় তিন বছরে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড হতে পারে বলে অনুমান করেছিল। পরে সরকার এ হিসাব নিয়ে আপত্তি জানালেও ডিজিটাল আইডি নিয়ে বিতর্ক অব্যাহত ছিল।
ডিজিটাল আইডির বিরুদ্ধে প্রায় ৩০ লাখ মানুষের স্বাক্ষরসংবলিত একটি গণআবেদন সংসদে জমা পড়ার পর সরকার পরিকল্পনায় পরিবর্তন আনে। পরে পার্লামেন্টের হোম অ্যাফেয়ার্স কমিটিও প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়াকে ‘বিশৃঙ্খল’ বলে সমালোচনা করেছিল।
বার্নহামের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কনজারভেটিভ পার্টি দাবি করেছে, বাধ্যতামূলক ডিজিটাল আইডির পরিকল্পনা আগেই কার্যত বাতিল করা হয়েছিল এবং নতুন প্রধানমন্ত্রী এখন সেই সিদ্ধান্তের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন।
অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটরা সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়ে বলেছে, এতে জনগণ তাদের ব্যক্তিগত তথ্য বাধ্যতামূলকভাবে সরকারের কাছে জমা দেওয়ার আশঙ্কা থেকে মুক্তি পেল।
ডিজিটাল আইডি বাতিলের ঘোষণা ছাড়াও অ্যান্ডি বার্নহাম উত্তর সাগরে বিদ্যমান তেল ও গ্যাস প্রকল্পগুলোর উন্নয়ন ত্বরান্বিত করার পরিকল্পনাও সামনে আনতে যাচ্ছেন বলে জানিয়েছে তার কার্যালয়।
সূত্র: বিবিসি
বিশ্ব থেকে আরো পড়ুন