ম্যাচের নায়ক ছিলেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড, যিনি দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্রাজিলের স্বপ্ন ভেঙে দেন।
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ ০৫:১২
২০২৬ ফিফা বিশ্বকাপে অন্যতম বড় অঘটনের জন্ম দিল নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। ম্যাচের নায়ক ছিলেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড, যিনি দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্রাজিলের স্বপ্ন ভেঙে দেন।
রোববার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিল। অন্যদিকে ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় থাকা নরওয়ে শেষ মুহূর্তে ম্যাচ নিজেদের করে নেয়।
ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই প্যাট্রিক বার্গ বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। এরপর ১৫ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ব্রুনো গিমারায়েসের দুর্বল শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের অভিজ্ঞ গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড। সেই মুহূর্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ৫৮ মিনিটে বদলি হিসেবে নামা তরুণ স্ট্রাইকার এন্দ্রিকও নিশ্চিত সুযোগ নষ্ট করেন। পরে নেইমারকে মাঠে নামিয়েও কোনো লাভ হয়নি।
অন্যদিকে ৭৯ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের নিখুঁত ক্রসে ডিফেন্ডার গ্যাব্রিয়েলকে পরাস্ত করে হেডে গোল করেন আর্লিং হালান্ড। এরপর যোগ করা সময়ের ঠিক আগে বক্সের বাইরে থেকে দুর্দান্ত নিচু শটে নিজের দ্বিতীয় গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন বদলি খেলোয়াড় নেইমার। তবে সেটি কেবল ব্যবধান কমিয়েছে, হার এড়াতে পারেনি ব্রাজিল।
এই জয়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল নরওয়ে। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা স্বাগতিক মেক্সিকো।
অন্যদিকে ১৯৯০ সালের পর এই প্রথমবার কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে। দলের হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পরিসংখ্যান বলছে, ম্যাচে ব্রাজিলের দখলে ছিল মাত্র ৩৩.৫ শতাংশ বল। তারা ১৪টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র চারটি। বিপরীতে তুলনামূলক কম সুযোগ পেয়েও হালান্ডের অসাধারণ নৈপুণ্যে জয় তুলে নেয় নরওয়ে।
এদিকে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৭-এ উন্নীত করেছেন আর্লিং হালান্ড। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টিনার লিওনেল মেসির সমকক্ষ অবস্থানে রয়েছেন।
বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে এই ঐতিহাসিক জয় নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন