জরুরি অবস্থা ঘোষণা
প্রকাশ: ২০ জুন ২০২৬ ০৩:১২
যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বড় ধরনের জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসা সেবা বিভাগ।
শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে বেডফোর্ড শহরের দক্ষিণে এলস্টো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত ট্রেন দুটি ছিল করবি থেকে লন্ডনগামী এবং নটিংহ্যাম থেকে লন্ডনগামী যাত্রীবাহী ট্রেন।

ব্রিটিশ পরিবহন পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা জানান, হঠাৎ প্রচণ্ড শব্দে পুরো ট্রেন কেঁপে ওঠে। অনেকে আসন থেকে ছিটকে পড়েন এবং কয়েকজনের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
এক যাত্রী বিবিসিকে বলেন, "মনে হয়েছিল যেন বোমা বিস্ফোরণ হয়েছে।" আরেক যাত্রী জানান, সংঘর্ষের পর ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।
দুর্ঘটনার কারণ জানতে যুক্তরাজ্যের রেল দুর্ঘটনা তদন্ত সংস্থার বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে। কীভাবে একই লাইনে দুটি ট্রেনের সংঘর্ষ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে উদ্ধারকাজে নিয়োজিত পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
স্টারমার ঘটনাটিকে "অত্যন্ত উদ্বেগজনক" উল্লেখ করে দ্রুত তদন্ত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
দুর্ঘটনার পর লুটন ও বেডফোর্ডের মধ্যবর্তী রেলপথে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। করবি, নটিংহ্যাম ও লন্ডনের মধ্যে চলাচলকারী বহু ট্রেন বাতিল করা হয়েছে এবং যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্ব থেকে আরো পড়ুন