লাইফস্টাইল

নাক দিয়ে রক্ত পড়ছে? যে ভিটামিনের ঘাটতি হতে পারে কারণ

প্রকাশ: ১৬ জুন ২০২৬ ০৩:৪১

নাক দিয়ে রক্ত পড়া (নোজব্লিড) অনেকের কাছেই পরিচিত একটি সমস্যা। গরম আবহাওয়া, শুষ্ক পরিবেশ, আঘাত বা নাক খোঁটার কারণে এটি হতে পারে। তবে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই যদি বারবার নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে তা শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিন বা খনিজের ঘাটতির ইঙ্গিতও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নাকের ভেতরের সূক্ষ্ম রক্তনালীগুলো দুর্বল হয়ে গেলে বা রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়ায় সমস্যা দেখা দিলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

ভিটামিন কে-এর ঘাটতি

নাক দিয়ে রক্ত পড়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ভিটামিন কে-এর অভাব। এই ভিটামিন রক্ত জমাট বাঁধতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে এর ঘাটতি হলে সামান্য রক্তপাতও সহজে বন্ধ হতে চায় না।

ভিটামিন সি-এর অভাব

ভিটামিন সি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি রক্তনালীর দেয়াল মজবুত রাখতেও সহায়তা করে। পর্যাপ্ত ভিটামিন সি না থাকলে নাকের ভেতরের সূক্ষ্ম রক্তনালী ভঙ্গুর হয়ে পড়ে এবং সামান্য চাপ বা শুষ্কতার কারণেও ফেটে যেতে পারে।

২০২৪ সালে ইন্ডিয়ান জার্নাল অব ওটোল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জারি-এ প্রকাশিত এক গবেষণায় ১০০ জন নাক দিয়ে রক্ত পড়া রোগীকে পর্যবেক্ষণ করা হয়। সেখানে দেখা যায়, আঘাত ছিল সবচেয়ে সাধারণ কারণ। এরপর নাকের সংক্রমণ এবং উচ্চ রক্তচাপ অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়। তবে গবেষকরা পুষ্টির ঘাটতিকেও ঝুঁকির একটি উপাদান হিসেবে উল্লেখ করেছেন।

আয়রনের ঘাটতি

আয়রনের ঘাটতি সরাসরি নাক দিয়ে রক্ত পড়ার কারণ না হলেও, দীর্ঘদিন ধরে ঘন ঘন রক্তপাত হলে শরীরে আয়রনের মাত্রা কমে যেতে পারে। আবার আয়রনের অভাবে শরীরের টিস্যু দুর্বল হয়ে পড়লে রক্তনালীর স্বাভাবিক কার্যকারিতাও প্রভাবিত হতে পারে। তাই নিয়মিত নাক দিয়ে রক্ত পড়লে চিকিৎসকের পরামর্শে আয়রনের মাত্রা পরীক্ষা করা উচিত।

ভিটামিন বি-১২ ও ফলিক অ্যাসিড

ভিটামিন বি-১২ এবং ফলিক অ্যাসিড রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ দুটির ঘাটতি হলে রক্তের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। যদিও নাক দিয়ে রক্ত পড়ার সঙ্গে এদের সম্পর্ক তুলনামূলক কম, তবুও দীর্ঘমেয়াদি ঘাটতি থাকলে ঝুঁকি বাড়তে পারে।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, নিচের যেকোনো পরিস্থিতি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত—

বারবার নাক দিয়ে রক্ত পড়া ১৫ থেকে ২০ মিনিট চাপ দেওয়ার পরও রক্তপাত বন্ধ না হওয়া অতিরিক্ত রক্তক্ষরণ মাথা ঘোরা বা দুর্বল অনুভব করা উচ্চ রক্তচাপ বা রক্ত পাতলা করার ওষুধ সেবনের ইতিহাস থাকা

কী করবেন?

সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা, পর্যাপ্ত ফল ও সবজি খাওয়া, শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো নাক দিয়ে বারবার রক্ত পড়ার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে নিজে থেকে ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

লাইফস্টাইল থেকে আরো পড়ুন