বিশ্ব

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে যুক্তরাজ্য

প্রকাশ: ১৫ জুন ২০২৬ ০৪:৩৯

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটসহ বড় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। একই সঙ্গে গেমিং অ্যাপ ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং লাইভস্ট্রিমিংয়ের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আনার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৫ জুন) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের।

ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীরা টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ফেসবুক, এক্স (সাবেক টুইটার), থ্রেডস, রেডিট, টুইচ ও কিকসহ প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না।

এ ছাড়া শিশুদের জন্য তুলনামূলক নিরাপদ হিসেবে বিবেচিত ওয়েবসাইটেও লাইভস্ট্রিমিং বন্ধ করা হবে। পাশাপাশি গেমিং অ্যাপের মাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করা হবে।

সরকার আরও বিবেচনা করছে, কিশোরদের জন্য নির্দিষ্ট সময়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কারফিউ আরোপ করা যায় কি না। তবে এ বিষয়ে বিস্তারিত আগামী মাসে প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, "শিশুদের অনলাইনে নিরাপদ রাখা আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্কগুলোর একটি। একজন বাবা হিসেবে আমি জানি, প্রতিটি অভিভাবক চান তাদের সন্তান নিরাপদ ও আনন্দময় পরিবেশে বড় হয়ে উঠুক।"

তিনি আরও বলেন, "যে ব্যবস্থা শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, সেটির অবসান ঘটানোর সময় এসেছে। সরকার সবসময় শিশু ও পরিবারের স্বার্থকেই অগ্রাধিকার দেবে।"

সরকারি এক পরামর্শ জরিপে দেখা গেছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ মানুষের সমর্থন রয়েছে। তবে কিছু বিশেষজ্ঞ ও অধিকারকর্মী মনে করছেন, এমন কঠোর পদক্ষেপ নতুন কিছু সমস্যাও তৈরি করতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে বিশ্বের প্রথম দেশ হিসেবে আইন কার্যকর করে অস্ট্রেলিয়া। যুক্তরাজ্যের নতুন উদ্যোগকে সরকারি সূত্রগুলো "অস্ট্রেলিয়া-প্লাস" হিসেবে উল্লেখ করছে, কারণ এতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হচ্ছে।

বিশ্ব থেকে আরো পড়ুন