বাংলাদেশ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন নীতিমালা

প্রকাশ: ১৪ জুন ২০২৬ ১৭:৩৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে সরকার। এখন থেকে শিক্ষক বদলির আবেদন ও অনুমোদনের দায়িত্ব স্থানীয় প্রশাসনের নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে সম্পন্ন হবে।

রোববার (১৪ জুন) রাজধানীর একটি কর্মশালায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে। শিক্ষকরা এসব কমিটির কাছে বদলির আবেদন করবেন এবং সংশ্লিষ্ট কমিটি প্রতি মাসে বৈঠক করে আবেদন পর্যালোচনা শেষে বদলির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষক বদলিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি ও সিন্ডিকেটের অভিযোগ ছিল, নতুন ব্যবস্থার মাধ্যমে তা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে যথাক্রমে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে কমিটিগুলো কাজ করবে।

তিনি আরও বলেন, নতুন নীতির লক্ষ্য হলো বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত এবং জবাবদিহিমূলক করা।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে অনলাইন আবেদন গ্রহণ ও যাচাই শেষে শিক্ষকদের বদলির অনুমোদন দেওয়া হতো।

বাংলাদেশ থেকে আরো পড়ুন