ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘আত্মরক্ষামূলক সামরিক অভিযান’ সমাপ্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনীর ওপর হামলা এবং আঞ্চলিক জলসীমা ব্যবহারকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার প্রতি হুমকির প্রেক্ষাপটে এ অভিযান পরিচালনা করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এটি ছিল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও লক্ষ্যভিত্তিক প্রতিক্রিয়া।
সেন্টকমের দাবি, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা নির্ভুল অস্ত্রের মাধ্যমে হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার স্থাপনা ছিল বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযান শেষ হলেও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে তারা প্রস্তুত রয়েছে।
তবে মার্কিন হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক এই উত্তেজনা হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশ্ব থেকে আরো পড়ুন