বাংলাদেশ

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

প্রকাশ: ০৮ জুন ২০২৬ ২১:৩৯

পাবনা শহরে ছেলের সামনে হোসেন আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের জামেয়া আশরাফিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের মাদরাসাপড়ুয়া ছেলে ঘটনাস্থলেই উপস্থিত ছিল।

নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আশরাফিয়া মাদরাসার একজন কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে‌কে মাদরাসায় রেখে আসার উদ্দেশ্যে তিনি সেখানে যান। এ সময় মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথমে দুই রাউন্ড গুলির পর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হোসেন আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

বাংলাদেশ থেকে আরো পড়ুন