আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। বিশ্বের কোটি কোটি দর্শকের পাশাপাশি বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও অপেক্ষা করছেন ফুটবলের সবচেয়ে বড় এই আসরের জন্য। দেশের দর্শকদের জন্য বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিশ্চিত করতে ফিফার কাছ থেকে ‘অল মিডিয়া রাইটস’ কিনতে যাচ্ছে সরকার।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে টুর্নামেন্টের খেলা সম্প্রচারের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই স্বত্ব কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে প্রায় ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় যুক্ত হলে মোট খরচ দাঁড়াবে প্রায় ৭২ কোটি ৭০ লাখ টাকা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। অনুমোদন মিললে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের দর্শক বিশ্বকাপের ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের ফলে শহর ও গ্রামের দর্শকদের মধ্যে সম্প্রচার বৈষম্য কমবে এবং অতিরিক্ত খরচ ছাড়াই সাধারণ মানুষ বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগের সুযোগ পাবেন। একই সঙ্গে দেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপকে আরও সহজলভ্য করে তুলবে এই উদ্যোগ।
ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন