বিশ্ব

যুক্তরাজ্যের রয়্যাল নেভির হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ নৌ সেনা নিহত

প্রকাশ: ০৪ জুন ২০২৬ ০৪:০০

ছবি: সংগৃহীত

ক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ডেভনের সাওরটন ডাউন এলাকায় প্রশিক্ষণ মহড়ার সময় রয়্যাল নেভির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন নৌসদস্য নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ব্রিটিশ সামরিক বাহিনীতে।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর প্রায় ৩টা ৪৫ মিনিটে ওকহ্যাম্পটনের কাছে সাওরটন ডাউন এলাকায় একটি মার্লিন এমকে-৪ (Merlin Mk4) হেলিকপ্টার প্রশিক্ষণ উড্ডয়নের সময় দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

রয়্যাল নেভি এক বিবৃতিতে জানিয়েছে, নিহত তিনজনই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া নৌবাহিনীর সদস্য ছিলেন। তাদের পরিবারের সদস্যদের ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের অনুরোধে নিহতদের পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।

রয়্যাল নেভির প্রধান জেনারেল স্যার গুইন জেনকিন্স গভীর শোক প্রকাশ করে বলেন, “এই মর্মান্তিক ঘটনা পুরো নৌবাহিনী পরিবারের জন্য বড় ধাক্কা। নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।”

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ডেভন ও কর্নওয়াল পুলিশ, দমকল বাহিনী, রয়্যাল নেভি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক বার্তায় বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি দুর্ঘটনা। নিহত নৌসদস্যদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা জানাই।”

প্রতিরক্ষামন্ত্রী জন হিলিও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, দেশের সেবায় নিয়োজিত তিন সদস্যকে হারানো অত্যন্ত বেদনাদায়ক।

অন্যদিকে, প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন, যিনি ফ্লিট এয়ার আর্মের কমোডর-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন, এক বিবৃতিতে জানান, তিনি ও প্রিন্স উইলিয়াম নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার আগে হেলিকপ্টারটিকে অস্বাভাবিক শব্দ করতে শোনা যায়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “হেলিকপ্টারটির শব্দ স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল যান্ত্রিক কোনো সমস্যা হয়েছে।”

রয়্যাল নেভির বহরে ব্যবহৃত মার্লিন এমকে-৪ হেলিকপ্টারগুলো মূলত রয়্যাল মেরিনসের পরিবহন ও সামরিক অভিযানে ব্যবহৃত হয়। এগুলো সমারসেটের ইয়োভিলটন নৌঘাঁটিতে অবস্থান করে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে ডিফেন্স অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (DAIB) তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নয় কর্তৃপক্ষ।

এদিকে ঘটনাস্থলের কাছে স্থানীয় বাসিন্দারা নিহত নৌসদস্যদের স্মরণে ফুল রেখে শ্রদ্ধা জানিয়েছেন। তাদের মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোক প্রকাশ করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

বিশ্ব থেকে আরো পড়ুন