অর্থনীতি

বিতর্কিত খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করল সরকার

প্রকাশ: ২৫ মে ২০২৬ ০৩:৪৬

আন্দোলনের মুখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ ছাড়তে বাধ্য হওয়া মো. খুরশীদ আলমকে এবার ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগকে ঘিরে নতুন করে বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে আর্থিক খাতে।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে তাকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

ব্যাংক খাতসংশ্লিষ্টদের প্রশ্ন, যিনি ছাত্র-জনতার আন্দোলন ও অভ্যন্তরীণ বিক্ষোভের মুখে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ পদ থেকে বিদায় নিয়েছিলেন, তাকেই আবার দেশের অন্যতম বড় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো কেন?

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভে নামেন কর্মকর্তারা। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া গভর্নর ও কয়েকজন ডেপুটি গভর্নরের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অনিয়ম ও বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ ওঠে। সেই চাপের মুখেই পদত্যাগ করেন খুরশীদ আলম।

এদিকে ইসলামী ব্যাংকেও চলছে দীর্ঘদিনের অস্থিরতা। পরিচালনা পর্ষদে দ্বন্দ্ব, এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং গ্রাহকদের আন্দোলনের মধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকটির গ্রাহক ও সংশ্লিষ্টদের একাংশ অভিযোগ করছেন, পুরোনো বিতর্কিত গোষ্ঠীকে আবারও প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়া হচ্ছে। তাদের দাবি, ব্যাংক খাতকে রাজনৈতিক ও গোষ্ঠীগত নিয়ন্ত্রণমুক্ত না করলে আস্থা সংকট আরও গভীর হবে।

বিশ্লেষকদের মতে, আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সরকার বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন করছে কিনা, সেই প্রশ্ন এখন আরও জোরালো হচ্ছে।

অর্থনীতি থেকে আরো পড়ুন