বাংলাদেশ

দেশে হামের ভয়াবহতা বাড়ছেই, শিশুমৃত্যু ছাড়াল ৫০০

প্রকাশ: ২৩ মে ২০২৬ ১৭:১০

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন করে মারা যাওয়া ১৩ শিশুর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে। বাকি ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ১৩২ শিশু। এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৪ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিয়েছে ৬২ হাজার ৫৬০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখন পর্যন্ত হাম ও উপসর্গে মারা যাওয়া ৫১২ শিশুর মধ্যে ৮৬ জনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে। আর ৪২৬ শিশু মারা গেছে হামের লক্ষণ নিয়ে।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। বিভাগটিতে এখন পর্যন্ত হাম ও উপসর্গে ২১৪ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫১৩।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

হামের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে সারাদেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। একইসঙ্গে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে জরুরি সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার।

বাংলাদেশ থেকে আরো পড়ুন