বাংলাদেশ

চার জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

প্রকাশ: ২৩ মে ২০২৬ ০২:০৯

ছবি: বায়ান্ননিউজ

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে অন্তত পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজার, ময়মনসিংহ, ভোলা ও নেত্রকোণায় পৃথক ঘটনায় এসব প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন কৃষক, শ্রমিক, এক মাদরাসাছাত্র ও এক যুবক।

মৌলভীবাজারের রাজনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন তালেব মিয়া (৪০) নামে এক কৃষক। তিনি উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের বাসিন্দা। একই জেলায় কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগান এলাকায় রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান স্বপন মুন্ডা নামে এক শ্রমিক।

স্থানীয়রা জানান, সকাল থেকে বৃষ্টি ও বজ্রপাত চলাকালে খোলা জায়গায় কাজ করার সময় তারা বজ্রপাতে আক্রান্ত হন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ।

অন্যদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন ইদ্রিস আলী ফকির (৬৫) নামে এক কৃষক। উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতীলেইট এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলার লালমোহন উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছে মো. ইয়ামিন (১১) নামে এক শিশু। সে স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা গেছেন সোলেমান মিয়া (২২) নামে এক যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, কালবৈশাখী মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। এ সময় খোলা মাঠ, হাওর বা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন