বাংলাদেশ

জাপানের সঙ্গে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম হস্তান্তর চুক্তি অনুমোদন

প্রকাশ: ২২ মে ২০২৬ ০৩:৪৪

বাংলাদেশ ও জাপানের মধ্যে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে বৃহৎ বিড়াল প্রজাতি সংরক্ষণে আন্তর্জাতিক জোটে যোগদান এবং অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে নতুন জাতীয় কর্মপরিকল্পনারও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে জাপান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ বিষয়ক চুক্তি অনুসমর্থনের অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে এবং আধুনিক প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি হবে।

এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’ বা আন্তর্জাতিক বৃহৎ বিড়াল জোটের ফ্রেমওয়ার্ক চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতা, পুমা, জাগুয়ার ও চিতাসহ সাতটি বড় বিড়াল প্রজাতির সংরক্ষণে ২০২৩ সালে এই জোট গঠন করা হয়। বর্তমানে জাতিসংঘের ২৪টি সদস্য রাষ্ট্রসহ বিভিন্ন দেশ এর সঙ্গে যুক্ত রয়েছে।

সরকার বলছে, রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম আবাসস্থল সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই বাংলাদেশ এই জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে অবৈধ শিকার ও বন্যপ্রাণী পাচার রোধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনার খসড়াও অনুমোদন পেয়েছে।

বৈঠকে চলতি সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত সাতটি মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনও উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন