বাংলাদেশ

রামিসার বাবার কাঁধে হাত রেখে বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ মে ২০২৬ ০৩:৪২

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নির্মম হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে পল্লবীতে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিহত শিশুটির বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।

এ সময় রামিসার বাবার কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমরা দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।”

তিনি আরও বলেন, “আমিও একজন কন্যা সন্তানের বাবা। একটি সন্তান হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু আপনাদের শক্ত থাকতে হবে। আপনাদের আরেকটি সন্তান আছে, তার ভবিষ্যতের জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে।”

প্রধানমন্ত্রী নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নেওয়ার কথাও জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সরকার এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চার্জশিট দেওয়ার চেষ্টা চলছে।”

শোকাহত রামিসার বাবা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে বলেন, “আপনি আমাদের বাসায় এসেছেন, এটিই আমাদের জন্য বড় সান্ত্বনা। এই স্মৃতি নিয়ে কীভাবে বাঁচব, জানি না।”

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট বাসা থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দেওয়া জবানবন্দিতে সে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন