ছবি: সিএনএন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ ফোনালাপের পর ইরানকে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সামনে সময় খুব কম এবং দ্রুত সিদ্ধান্ত না নিলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে দেশটি।
রোববার (১৭ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ইরানকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে তাদের জন্য আর কিছু অবশিষ্ট থাকবে না।”
পোস্টে বড় অক্ষরে তিনি আরও লেখেন, “TIME IS OF THE ESSENCE” অর্থাৎ সময় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
এর আগে ট্রাম্প নিজের একটি ছবি পোস্ট করে রহস্যময় বার্তাও দেন। সেখানে তিনি লেখেন, “এটি ছিল ঝড়ের আগের শান্ত মুহূর্ত।”
মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব মোকাবিলায় নতুন কৌশল নির্ধারণ করা হচ্ছে।
ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর সর্বশেষ ফোনালাপের মূল আলোচ্য বিষয় ছিল ইরান এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি।
এরই মধ্যে চীন সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ট্রাম্প। সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও ইরান ইস্যুতে তার আলোচনা হয়েছে বলে আন্তর্জাতিক সূত্রগুলো জানিয়েছে।
তবে চীন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয় এবং এই সংঘাত চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও ইঙ্গিতপূর্ণ বার্তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি, ইরানের পারমাণবিক কার্যক্রম এবং ইসরায়েলের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব থেকে আরো পড়ুন