নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (১৭ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকেই ক্যাম্পাসে অসন্তোষ দেখা দেয়। ওই রাতেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
রোববার সকালে আন্দোলন নতুন করে শুরু হলে উপাচার্যের সমর্থনে আসা কিছু বহিরাগত ব্যক্তির সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার প্রশাসনিক ও একাডেমিক বাস্তবতা বোঝেন এমন কাউকেই উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া উচিত। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য ব্যক্তিকে ভিসি হিসেবে নিয়োগ দিতে হবে।
গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, ভিসি নিয়োগ ইস্যুতে গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রোববার সকালে সেই পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
শিক্ষা থেকে আরো পড়ুন