শিক্ষা

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ

প্রকাশ: ১৩ মে ২০২৬ ১১:৪৮

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে ছুটি শুরু হলেও সাপ্তাহিক বন্ধের কারণে অধিকাংশ শিক্ষার্থী ২২ মে থেকেই টানা ছুটির আমেজে চলে যাবে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলোর প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কার্যকর হবে।

তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার হওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠানে ২১ মে বৃহস্পতিবারই শেষ ক্লাস অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে পুনরায় শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় ১৬ দিনের টানা ছুটি পাচ্ছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় আরও দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। দাখিল, আলিম, ফাজিল ও কামিলসহ বিভিন্ন স্তরের মাদ্রাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পাঠদান শুরু হবে।

ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় তিন সপ্তাহের বেশি সময়ের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছে।

এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী জুনের পর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক সরকারি ছুটি রয়েছে।

জুলাই মাসে আষাঢ়ী পূর্ণিমা, আগস্টে জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা ও ঈদে মিলাদুন্নবী এবং সেপ্টেম্বর মাসে শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকবে।

শিক্ষা থেকে আরো পড়ুন