শিক্ষা

মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল

প্রকাশ: ১৪ মে ২০২৬ ০২:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার অভিযোগে মধ্যরাতে বিক্ষোভ করেছেন হলের ছাত্রীরা। নিরাপদ পানি ও স্বাস্থ্য সুরক্ষার দাবিতে বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে তারা হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত দুই সপ্তাহে হলের বেশ কয়েকজন ছাত্রী ডায়রিয়া, বমি ও পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। অনেককে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে তীব্র ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও অসহ্য গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে।

বুধবার হল প্রশাসনের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষার জন্য আলাদা বাজেট ও নিরাপদ পানির বিষয়ে জানতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে এ খাতে নির্দিষ্ট কোনো বাজেট না থাকার কথা জানানো হয়। এরপরই ক্ষুব্ধ ছাত্রীরা আন্দোলনে নামেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নিরাপদ পানির নিশ্চয়তা, হলের স্বাস্থ্যসেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ এবং পানিবাহিত রোগে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই পানির মান নিয়ে অভিযোগ থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনরত ছাত্রীরা।

এদিকে, ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শিক্ষা থেকে আরো পড়ুন