বিশ্ব

থাইল্যান্ডে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৮

প্রকাশ: ১৬ মে ২০২৬ ২২:২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার সকালে ব্যস্ত রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থাই পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রেললাইন অতিক্রমের সময় দ্রুতগতির একটি ট্রেন বাসটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই আগুন আশপাশের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর দমকল বাহিনী, উদ্ধারকারী দল ও জরুরি চিকিৎসাসেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লাগে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের ভেতর আটকে পড়াদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়।

ব্যাংকক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনার পর এলাকায় তীব্র ধোঁয়া ও গ্যাস ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হলেও ঘটনাস্থল ঠান্ডা করা এবং নিরাপত্তা নিশ্চিতের কাজ চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিং পার হওয়ার সময় বাসচালক ট্রেনের গতি সঠিকভাবে বুঝতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসন আহতদের দ্রুত হাসপাতালে পাঠিয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

বিশ্ব থেকে আরো পড়ুন