ছবি: সংগৃহীত
চীন সফর শেষে তাইওয়ান প্রশ্নে নতুন করে কঠোর অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং এ ধরনের পদক্ষেপ বড় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাই না কেউ স্বাধীন হয়ে যাক। আমি চাই শান্তি বজায় থাকুক।”
তাইওয়ান ইস্যুতে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা রয়েছে। চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজন হলে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে থাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের স্বাধীনতা সমর্থন না করলেও দ্বীপটির সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, “একটি যুদ্ধ করতে আমাদের প্রায় ৯ হাজার ৫০০ মাইল দূরে যেতে হবে। আমি যুদ্ধ চাই না। আমি চাই চীন শান্ত থাকুক এবং সবাই স্থিতিশীল থাকুক।”
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেন, তাইওয়ান ইস্যু ভুলভাবে মোকাবিলা করা হলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া ও যুদ্ধবিমান মোতায়েন বৃদ্ধির কারণে পুরো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে।
এর আগে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে উন্নত ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবস্থা বিক্রির পরিকল্পনার কথাও জানিয়েছিল। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তাইওয়ান সরকার জানিয়েছে, ওয়াশিংটন ও বেইজিংয়ের সর্বশেষ অবস্থান তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথাও জানিয়েছে তাইপে।
বিশ্ব থেকে আরো পড়ুন