মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে সামরিক ও বাণিজ্যিক চাপ আরও বেড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে অন্তত ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি আরও চারটি জাহাজ কার্যত অচল হয়ে পড়েছে বলেও দাবি করেছে তারা।
বৃহস্পতিবার (১৫ মে) এক বিবৃতিতে সেন্টকম জানায়, অবরোধ কার্যক্রম জোরদারে আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রাক্সটুন মোতায়েন রয়েছে। অভিযানের অংশ হিসেবে জাহাজটিতে এমএইচ-৬০ সিহক হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ১৩ মে রাত থেকে সীমিত আকারে কিছু জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট বা “শত্রুপক্ষের” জাহাজের ওপর বিধিনিষেধ এখনো বহাল রয়েছে।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে একটি জাহাজ জব্দ করে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়ার তথ্য তারা পেয়েছে। তবে জাহাজটির পরিচয় বা মালিকানা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে। যদিও গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৭ ডলার কমে ১০৪ দশমিক ৩৬ ডলারে নেমেছে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও কমেছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে চলমান এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এদিকে মার্কিন কংগ্রেসে দেওয়া এক সাক্ষ্যে সেন্টকম প্রধান জেনারেল ব্র্যাড কুপার দাবি করেছেন, গত আড়াই বছরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও কূটনৈতিক স্থাপনাগুলোর ওপর ৩৫০টির বেশি হামলা চালিয়েছে।
তিনি বলেন, গড়ে প্রতি তিন দিনে একটি করে হামলা হয়েছে। এসব ঘটনায় চার মার্কিন সেনা নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন।
ব্র্যাড কুপারের দাবি, হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি গোষ্ঠী এখন আগের তুলনায় ইরানের সরাসরি অস্ত্র সহায়তা থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তবুও মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জন্য ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো এখনো বড় নিরাপত্তা হুমকি হিসেবে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিশ্ব থেকে আরো পড়ুন