বাংলাদেশ

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ

প্রকাশ: ১৪ মে ২০২৬ ১৭:১২

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন থেকে শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের শিক্ষা বোর্ডগুলো প্রস্তাবিত সময়সূচিও প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ধাপে ধাপে পাবলিক পরীক্ষার সময়সূচি আগের অবস্থায় ফিরিয়ে আনতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। তার ভাষায়, “সেশনজট ও পরীক্ষার ব্যবধান কমিয়ে আনার জন্যই এসএসসি জানুয়ারিতে নেওয়া হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আবার ডিসেম্বরভিত্তিক সময়সূচিতে আনা সম্ভব হবে।”

প্রকাশিত প্রস্তাবিত রুটিন অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্রের মাধ্যমে। এরপর বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ফেব্রুয়ারির মধ্যেই ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, এসএসসিতে মোট ৩৩টি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পুরো কার্যক্রম শেষ করতে প্রায় ১৫ দিন সময় লাগবে।

অন্যদিকে, ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন। বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের পরীক্ষা শেষে বিভাগভিত্তিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। জুলাইয়ের মাঝামাঝি তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ব্যবহারিক পরীক্ষা ও নম্বর অনলাইনে জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসিতে মোট ৭৭টি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় ২১ দিন সময় প্রয়োজন হবে।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন