রাজনীতি

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

প্রকাশ: ১৩ মে ২০২৬ ১১:৪৪

সাবেক মন্ত্রী, প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (১৩ মে) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দেশের অন্যতম জ্যেষ্ঠ রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্ম নেওয়া মোশাররফ হোসেন পেশাগত জীবনে একজন প্রকৌশলী ছিলেন। পরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি বিভিন্ন সময়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। অবকাঠামো উন্নয়ন ও আবাসন খাতে তার ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা রয়েছে।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজে অংশ না নিয়ে তার ছেলে মাহবুব রহমান রুহেলকে চট্টগ্রাম-১ আসনে মনোনয়ন দেন।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের একাধিক নেতার মতো তাকেও গ্রেপ্তার করা হয়। ওই বছরের অক্টোবরে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালে তিনি কারামুক্ত হন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় একটি জানাজা অনুষ্ঠিত হবে। তবে সময় ও স্থান পরে জানানো হবে। বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি শোক প্রকাশ করেছেন।

রাজনীতি থেকে আরো পড়ুন