ছবি
যুক্তরাজ্যের বেডফোর্ড শহরে দীর্ঘ সময়ের উত্তেজনাপূর্ণ অবস্থানের পর পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরের আয়েলসবারি রোড এলাকায়।
বেডফোর্ডশায়ার পুলিশ জানিয়েছে, সোমবার রাত প্রায় ১০টা ৪০ মিনিটে এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা এক চল্লিশোর্ধ্ব ব্যক্তিকে একটি বাড়ির ভেতরে ব্যারিকেড তৈরি করে অবস্থান নিতে দেখেন। পুলিশ দাবি করেছে, ওই ব্যক্তি কর্মকর্তাদের হুমকি দিচ্ছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষায়িত সশস্ত্র পুলিশ, আলোচক দল, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স সার্ভিস মোতায়েন করা হয়। কয়েক ঘণ্টা ধরে আলোচনার চেষ্টা চললেও মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তি একটি অস্ত্র প্রদর্শন করলে পুলিশ গুলি চালায়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অন্য কেউ উপস্থিত ছিলেন না। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সহায়তায় বিশেষ কর্মকর্তারা কাজ করছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে স্বাধীন পুলিশ আচরণ তদন্ত সংস্থা (আইওপিসি)। যুক্তরাজ্যে পুলিশের গুলিতে কারও মৃত্যু হলে নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এই সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহত ব্যক্তি মানসিকভাবে চাপে ছিলেন। প্রতিবেশী মার্ক সোয়ালস দাবি করেন, তিনি আগেই পুলিশকে ফোন করে সতর্ক করেছিলেন যে তার প্রতিবেশীর সহায়তা প্রয়োজন।
তিনি আরও জানান, রাতভর উত্তেজনার সময় ওই ব্যক্তি বাড়ির গ্যাস চালু করে বিস্ফোরণের হুমকি দেন। পরে নিরাপত্তার স্বার্থে পুলিশ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
অভিযানের সময় আশপাশের অন্তত ১০টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অন্যদের ঘরের ভেতরে থাকতে বলা হয়।
ঘটনার পরও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পুরো এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। স্থানীয় কাউন্সিলর লুসি বাইওয়াটার ঘটনাটিকে “অত্যন্ত মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন এবং নিহত ব্যক্তির পরিবার ও প্রতিবেশীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিশ্ব থেকে আরো পড়ুন