মোঃ সাহাবুদ্দিন চুপ্পু । ফাইল ছবি।
ফলোআপ চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
মঙ্গলবার (১২ মে) রাতে বঙ্গভবনের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে জানানো হয়, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত বিশ্বখ্যাত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনিতে গুরুতর ব্লক ধরা পড়ে। পরে দ্রুত এনজিওপ্লাস্টির মাধ্যমে সেখানে একটি স্টেন্ট বা রিং বসানো হয়।
চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং রাষ্ট্রপতির শারীরিক অবস্থা বর্তমানে সন্তোষজনক।
রাষ্ট্রপতির চিকিৎসা তত্ত্বাবধান করছেন হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এরপর থেকেই তিনি নিয়মিত হৃদরোগ সংক্রান্ত ফলোআপ চিকিৎসা নিচ্ছেন।
বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালকে বিশ্বের অন্যতম শীর্ষ কার্ডিয়াক চিকিৎসাকেন্দ্র হিসেবে ধরা হয়। হার্ট ট্রান্সপ্লান্ট ও জটিল হৃদরোগ চিকিৎসায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সুনাম রয়েছে।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে রাষ্ট্রপতি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন