প্রয়াত আতাউর রহমান
বাংলাদেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান আর নেই। দীর্ঘদিনের এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
অভিনেতা রওনক হাসান গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বাংলাদেশের নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারালাম। তার অবদান দেশের সংস্কৃতিচর্চায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন আতাউর রহমান। গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সুবিধা না থাকায় পরে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা শুরু থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। একপর্যায়ে লাইফ সাপোর্টে নেওয়া হলেও সাময়িক উন্নতির কারণে তা খুলে দেওয়া হয়েছিল। পরে আবার অবস্থার অবনতি হলে তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান এই গুণী নাট্যজন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাট্যকার, অভিনেতা ও নির্দেশক হিসেবে কয়েক দশক ধরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ছিলেন তিনি।
বাংলাদেশের নাট্যচর্চা ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন।
তার মৃত্যুতে নাট্যাঙ্গন, সংস্কৃতিকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বিনোদন থেকে আরো পড়ুন