বিশ্ব

হান্টাভাইরাসে নতুন ৬ জন আক্রান্ত শনাক্ত: ডব্লিউএইচও

প্রকাশ: ১০ মে ২০২৬ ০৪:০৯

প্রমোদতরীতে ছড়িয়ে পড়া হান্টাভাইরাস সংক্রমণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়লেও এটিকে নতুন মহামারির শুরুর সঙ্গে তুলনা না করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে এবং এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচওর সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্দেহভাজন আটটি ঘটনার মধ্যে পরীক্ষাগারে ছয়জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের শরীরে শনাক্ত হওয়া ভাইরাসটি অ্যান্ডিস হান্টাভাইরাস বলে জানিয়েছে সংস্থাটি।

এই সংক্রমণের ঘটনা সামনে আসে একটি ক্রুজ জাহাজকে ঘিরে। জাহাজটিতে শুরুতে ১৪৭ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। এর আগেই আরও ৩৪ জন যাত্রী জাহাজ ত্যাগ করেছিলেন।

বর্তমানে আক্রান্ত চারজন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে জার্মানিতে পাঠানো এক সন্দেহভাজন রোগীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, বৈশ্বিক জনগণের জন্য এই ভাইরাসের ঝুঁকি কম হলেও জাহাজের যাত্রী ও ক্রু সদস্যদের জন্য ঝুঁকি মাঝারি মাত্রার। সংস্থাটির ধারণা, প্রথম আক্রান্ত ব্যক্তি জাহাজে ওঠার আগেই আর্জেন্টিনা ও চিলি সফরের সময় ভাইরাসটিতে আক্রান্ত হন। পরে জাহাজের ভেতরে এটি অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।

এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিশেষ মেডিক্যাল ফ্লাইটে দেশে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ক্রুজ অপারেটর ওশেনওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, জাহাজটিতে বর্তমানে ১৭ জন মার্কিন নাগরিক রয়েছেন। জাহাজটি ইতোমধ্যে কাবো ভার্দে ত্যাগ করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাত্রা করেছে, যেখানে যাত্রীদের নামিয়ে দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, পেশিতে ব্যথা ও শারীরিক দুর্বলতার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে মানুষ থেকে মানুষে সংক্রমণের ঘটনা খুবই বিরল।

বিশ্ব থেকে আরো পড়ুন