রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারী ছাত্রীরা ক্যাম্পাসে মিছিল করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা কলেজে দলীয় রাজনীতি বন্ধ এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর কলেজের প্রধান ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে রাতের দিকে বিভিন্ন হল থেকে ছাত্রীরা বের হয়ে আন্দোলনে যোগ দেন।
একপর্যায়ে উত্তেজিত কিছু শিক্ষার্থী কলেজ গেটে টানানো ছাত্রদলের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলেন এবং সেগুলোতে আগুন দেওয়ার চেষ্টা করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কয়েকটি গেটের সামনে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ও দলীয় বিভাজনের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ইডেন কলেজকে পুরোপুরি রাজনীতিমুক্ত রাখতে হবে।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও শেষ খবর পাওয়া পর্যন্ত হলের ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাজনীতি থেকে আরো পড়ুন