বাংলাদেশ

সুনামগঞ্জে সংঘর্ষে সংসদ সদস্যসহ আহত অর্ধশতাধিক

প্রকাশ: ০৯ মে ২০২৬ ০৩:৫৫

সংঘর্ষের কারণে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাউয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাউয়া বাজার সংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছে প্রায় ২০ লাখ টাকা পাওনা ছিলেন জাউয়া কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে এ নিয়ে বাকবিতণ্ডার জেরে মোহাম্মদ আলীকে মারধর করেন আখলুছ মিয়ার সমর্থকরা। পরে বৃহস্পতিবার পাল্টা হামলার ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যার পর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

এ সময় ওই সড়ক দিয়ে যাওয়ার পথে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সংঘর্ষের ঘটনা দেখতে পান। স্থানীয়দের দাবি, পরিস্থিতি শান্ত করতে তিনি নিজেই সংঘর্ষস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা করেন। এ সময় তিনিও আহত হন। পরে তার ব্যক্তিগত ফেসবুক পেজেও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন