রাজনীতি

‘রাজনীতিতে এখনও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’, আক্ষেপ মির্জা ফখরুলের

প্রকাশ: ০৮ মে ২০২৬ ১৪:১৮

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ বহুবার পরিবর্তনের জন্য আন্দোলন ও সংগ্রাম করেছে, কিন্তু রাজনীতিতে এখনও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তিনি আক্ষেপ করে বলেন, “আমাদের রাজনীতি এখনও সুন্দর বা পরিচ্ছন্ন হয়ে উঠতে পারেনি।”

শুক্রবার (৮ মে) দুপুরে নওগাঁর আত্রাইয়ের পতিসর রবীন্দ্র কাছারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন।

মন্ত্রী বলেন, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ পরিবর্তনের আশা দেখেছে। নতুন সরকারকে ঘিরে মানুষের প্রত্যাশাও তৈরি হয়েছে। তবে একটি গোষ্ঠী বিভিন্ন ছোট ইস্যু সামনে এনে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “আমরা কেউ চাই না দেশে আবার কোনো ধরনের গোলযোগ তৈরি হোক। অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে।”

বক্তব্যে তিনি অতীত সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদী শাসন দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত ও প্রশাসনিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। জনগণের আন্দোলনের মাধ্যমেই বর্তমান পরিস্থিতির পরিবর্তন এসেছে বলেও দাবি করেন তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, কবিতা, গান, নাটক ও সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথের অসাধারণ অবদান রয়েছে। শুধু সাহিত্য নয়, কৃষকদের জীবনমান উন্নয়নেও তিনি কাজ করেছিলেন।

তিনি বলেন, “যে মানুষ সাহিত্য চর্চা করে, গান শোনে বা কবিতা ভালোবাসে, সে অবশ্যই মানবিক মানুষ হয়ে ওঠে।”

মন্ত্রী আরও বলেন, দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী রয়েছে, যারা সবসময় সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করে। তবে দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও জাতীয় পরিচয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ। এতে আরও বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি।

রাজনীতি থেকে আরো পড়ুন