বিশ্ব

ব্রিটেনজুড়ে ভোটগ্রহণ শেষ, ফল জানতে অপেক্ষা শুক্রবার পর্যন্ত

প্রকাশ: ০৮ মে ২০২৬ ০৫:০৫

ছবি: বায়ান্ননিউজ

যুক্তরাজ্যে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পর সবচেয়ে বড় নির্বাচনী আয়োজনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত এই নির্বাচনে স্থানীয় কাউন্সিল, মেয়র পদ এবং আঞ্চলিক পার্লামেন্টের প্রতিনিধিদের নির্বাচিত করতে ভোট দিয়েছেন লাখো মানুষ।

বৃহস্পতিবার (৭ মে) রাতেই ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন নজর ফলাফলের দিকে। তবে সব ফল একসঙ্গে জানা যাবে না। অঞ্চলভেদে গণনার সময় ও ফল ঘোষণার সূচিতে ভিন্নতা থাকছে।

ইংল্যান্ডে প্রায় ১৩৬টি কাউন্সিলের পাঁচ হাজারের বেশি আসনে ভোট হয়েছে। পাশাপাশি ওয়াটফোর্ড এবং লন্ডনের পাঁচটি বরো—ক্রয়ডন, হ্যাকনি, লিউইশাম, নিউহাম ও টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিবিসির তথ্য অনুযায়ী, আগের নির্বাচনগুলোর মতো এবার অধিকাংশ এলাকায় ভোট গণনা বৃহস্পতিবার রাতেই শুরু হচ্ছে না। বেশিরভাগ কাউন্সিলে শুক্রবার সকাল থেকে গণনা শুরু হবে। প্রথম ফলাফল শুক্রবার ভোরে পাওয়া যেতে পারে। সবশেষ ফল শনিবার সন্ধ্যার মধ্যে জানা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্কটল্যান্ডে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা শুক্রবার সকাল থেকে শুরু হবে। দেশটির নতুন পার্লামেন্টের সামগ্রিক চিত্র শুক্রবার সন্ধ্যার মধ্যেই পরিষ্কার হতে পারে। তবে কিছু আসনে পুনর্গণনা বা বিলম্ব হলে চূড়ান্ত ফল শনিবার পর্যন্ত গড়াতে পারে।

এবার স্কটিশ পার্লামেন্টের ১২৯টি আসনের সবকটিতেই ভোট হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, পুলিশ ও কর ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণে এই নির্বাচনের ফল বড় প্রভাব ফেলবে।

অন্যদিকে ওয়েলসেও শুক্রবার সকাল থেকে ভোট গণনা শুরু হবে। দুপুরের পর থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হওয়ার কথা রয়েছে। তবে নতুন ভোটিং পদ্ধতি ও নতুন নির্বাচনী এলাকা চালু হওয়ায় কিছু আসনে পুনর্গণনার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ওয়েলসের পার্লামেন্টে এবার বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রতিনিধি সংখ্যা ৬০ থেকে বাড়িয়ে ৯৬ করা হয়েছে। নতুন এই কাঠামোর কারণে নির্বাচনী ফলাফলও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস। বাংলাদেশি অধ্যুষিত এই এলাকায় মেয়র পদে একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে।

নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে ব্রিটেনের স্থানীয় সরকার ও আঞ্চলিক রাজনীতির নতুন সমীকরণও স্পষ্ট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ব থেকে আরো পড়ুন