বিশ্ব

চীনে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

প্রকাশ: ০৫ মে ২০২৬ ১১:৪২

বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৬০ জন। মঙ্গলবার (৫ মে) দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে হুনান প্রদেশের লিউইয়াং শহরে অবস্থিত হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফেকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি-এর একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

নিহতদের অধিকাংশ ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছে সংস্থাটি। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসের প্রায় ৫০০ সদস্য উদ্ধার কাজে অংশ নেন।

উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারখানার আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কারণ, কারখানাটির কাছেই কালো বারুদের দুটি গুদাম রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘরের দরজা-জানালা কেঁপে ওঠে।

কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবারই দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট কোম্পানির জবাবদিহিতা নিশ্চিত করতে বলেছেন।

লিউইয়াং শহরটি চীনের আতশবাজি শিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বহু আতশবাজি উৎপাদনকারী কারখানা রয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্ব আতশবাজি বাজারে চীনের আধিপত্য উল্লেখযোগ্য। ২০২৫ সালে প্রায় ১১৪ কোটি ডলারের আতশবাজি বৈশ্বিক বাজারে সরবরাহ করেছে দেশটির কোম্পানিগুলো। বিশ্বব্যাপী বিক্রি হওয়া আতশবাজির প্রায় দুই-তৃতীয়াংশই আসে চীন থেকে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব থেকে আরো পড়ুন