আটলান্টিক মহাসাগরে চলাচলকারী একটি ক্রুজ জাহাজে সন্দেহজনক হান্টাভাইরাস সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জানা গেছে, আর্জেন্টিনা থেকে কেপ ভার্দের উদ্দেশ্যে যাত্রা করা ‘এমভি হন্ডিয়াস’ নামের ক্রুজ জাহাজে এই ঘটনা ঘটে। জাহাজটিতে প্রায় দেড় শতাধিক পর্যটক ও ক্রু সদস্য ছিলেন।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রথমে ৭০ বছর বয়সী এক ডাচ যাত্রী অসুস্থ হয়ে পড়েন। জ্বর, মাথাব্যথা ও পেটের সমস্যার মতো উপসর্গ নিয়ে তিনি সেন্ট হেলেনা দ্বীপে পৌঁছানোর পর মারা যান। পরে তার মরদেহ নেদারল্যান্ডসে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এরপর তার ৬৯ বছর বয়সী স্ত্রীও অসুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে মারা যান। একই সঙ্গে ৬৯ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্রিটিশ নাগরিকের শরীরে হান্টাভাইরাস সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে। আরও অন্তত পাঁচটি সন্দেহজনক সংক্রমণের ঘটনা তদন্তাধীন রয়েছে।
ক্রুজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, জাহাজে থাকা আরও দুজন অসুস্থ ক্রুকে জরুরি চিকিৎসার জন্য নামানোর অনুমতি এখনো দেয়নি কেপ ভার্দে কর্তৃপক্ষ। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এদিকে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ অসুস্থ যাত্রীদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে জাহাজে থাকা এক মৃত ব্যক্তির মরদেহও ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মল-মূত্র থেকে বাতাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। বিরল ক্ষেত্রে এটি গুরুতর শ্বাসকষ্টজনিত রোগে পরিণত হতে পারে।
পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর, তারা জানিয়েছে—প্রয়োজনে আক্রান্ত ব্রিটিশ নাগরিকদের সহায়তা দেওয়া হবে।
বর্তমানে জাহাজটি কেপ ভার্দে উপকূলের কাছে অবস্থান করছে এবং পুরো ঘটনাটি আন্তর্জাতিক স্বাস্থ্যঝুঁকি হিসেবে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশ্ব থেকে আরো পড়ুন