বিশ্ব

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

প্রকাশ: ০১ মে ২০২৬ ২৩:১৫

যুদ্ধবিরতি ও চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে সেই প্রস্তাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও তাদের সর্বশেষ প্রস্তাব তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। যদিও প্রস্তাবের কোন দিক নিয়ে আপত্তি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের নেতৃত্বের ভেতরে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দেশটির নেতারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন এবং নিজেদের মধ্যে সমন্বয় করতে পারছেন না। ফলে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের কাছে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাঠায় তেহরান। এক ইরানি কূটনীতিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যৎ কূটনৈতিক সমাধানের পথ খুঁজতেই নতুন এ প্রস্তাব দেওয়া হয়েছে।

জানা গেছে, এর আগের প্রস্তাবে ইরান প্রথমে যুদ্ধবিরতি এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলেছিল। তবে যুক্তরাষ্ট্র চাইছে যুদ্ধাবস্থার মধ্যেই পারমাণবিক চুক্তির বিষয়ে সমঝোতা হোক।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। টানা কয়েক সপ্তাহ পাল্টাপাল্টি হামলায় উপসাগরীয় অঞ্চলজুড়ে জ্বালানি ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতিতে সম্মত হয় ওয়াশিংটন ও তেহরান।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগেই সতর্ক করে জানিয়েছে, আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে।

বিশ্ব থেকে আরো পড়ুন