ট্রাম্পের নৈশভোজে হামলা
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ ১১:২৪
আতংকিত অতিথিরা
যুক্তরাষ্ট্রে উচ্চপর্যায়ের নিরাপত্তাবেষ্টিত এক অনুষ্ঠানে গুলির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। কয়েক মুহূর্তের মধ্যেই গোটা হলরুমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
মার্কিন সিক্রেট সার্ভিস দ্রুত হামলাকারীকে নিয়ন্ত্রণে আনে। ট্রাম্প পরে সাংবাদিকদের জানান, হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং খুব কাছ থেকে গুলি চালানো হয়। এতে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য আহত হন, তবে বুলেটপ্রুফ জ্যাকেট থাকার কারণে তিনি প্রাণে বেঁচে যান এবং বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় আছেন।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারীর নাম কোল টোমাস অ্যালেন, বয়স ৩১ বছর। তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে এবং শিগগিরই আদালতে তোলা হবে।
ঘটনার পর ট্রাম্প বলেন, “খুব সাহসী নিরাপত্তা সদস্যদের কারণে বড় ধরনের বিপদ এড়ানো গেছে।” তিনি আরও বলেন, বিশ্বের কোনো দেশই রাজনৈতিক সহিংসতা থেকে সম্পূর্ণ নিরাপদ নয়।
এদিকে এই ঘটনায় ব্রিটিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নার নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কূটনীতিক ও রাজনীতিবিদরাও একইভাবে স্বস্তি প্রকাশ করেছেন যে বড় ধরনের প্রাণহানি ঘটেনি।
উল্লেখ্য, এই একই স্থানে ১৯৮১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ওপর হামলার ঘটনাও ঘটেছিল। ফলে নতুন এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার পর নৈশভোজ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। তবে আয়োজকরা জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে পুনরায় অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্ব থেকে আরো পড়ুন