নিহত সাংবাদিক
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এই হামলায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বুধবার দক্ষিণাঞ্চলের আত-তিরি এলাকায় প্রথম দফায় একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে গাড়িতে থাকা দুইজন নিহত হন। পরে একই এলাকায় একটি ভবনে আরেকটি বিমান হামলায় স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিক আমাল খালিল নিহত হন। এ সময় আহত হন আরেক সাংবাদিক জেইনাব ফারাজ, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের তথ্য অনুযায়ী, প্রথম হামলার খবর সংগ্রহ করতে গিয়ে তারা দ্বিতীয় দফা হামলার মুখে পড়েন। টানা হামলার কারণে উদ্ধার কার্যক্রমও ব্যাহত হয় বলে জানা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন সেটিকেও লক্ষ্যবস্তু করা হয় এবং উদ্ধারকারী দলকে বাধাগ্রস্ত করতে আশপাশের সড়কেও হামলা চালানো হয়।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় না এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে কাজ করছে।
এদিকে একই দিনে দক্ষিণ লেবাননের অন্য একটি এলাকায় পৃথক হামলায় আরও দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।
ঘটনার পর লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা ইসরায়েলি অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে।
সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় ধারাবাহিক হামলা ও পাল্টা হামলার কারণে উত্তেজনা বেড়েই চলেছে। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, চলমান সংঘাতে লেবাননে ইতোমধ্যে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।
বিশ্ব থেকে আরো পড়ুন