রাজনীতি

প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট, কলেজ শিক্ষার্থী আটক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ ১১:৪৫

অভিযুক্ত কলেজ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা জাইমা রহমান-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে মো. শাকিল আহমেদ (২৪) নামে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি ছবি তৈরি করে পোস্ট করেন। সেখানে তিনি নিজের সঙ্গে জাইমা রহমানের ছবি যুক্ত করে কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক ক্যাপশন দেন। পোস্টে লেখা ছিল—“তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল, খালি আমাদের বিয়ের কার্ড দিল না”, সঙ্গে বিভিন্ন ধরনের “কার্ড” উল্লেখ করা হয়, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয় এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে পোস্টটির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাজনীতি থেকে আরো পড়ুন