স্থূলতা-প্রবণ এলাকায় জাঙ্ক ফুডের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা
যুক্তরাজ্যের ওয়েলসের ব্লেনাউ গেন্ট এলাকায় অতিরিক্ত ওজন ও স্থূলতার হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোয় স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীরা একযোগে অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে। এলাকায় প্রাপ্তবয়স্কদের প্রায় ৬৭ শতাংশ অতিরিক্ত ওজনের হওয়ায় এটিকে এখন বড় জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় কাউন্সিল ইতোমধ্যে অস্বাস্থ্যকর ও উচ্চ চর্বি-লবণ-চিনিযুক্ত খাবারের বিজ্ঞাপন সীমিত করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি বাসিন্দাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এলাকার এক ফল ব্যবসায়ী স্টুয়ার্ট লুইস বলেন, প্রতিদিন সকালে অনেক শিশুকে স্কুলে যাওয়ার পথে ফাস্ট ফুড কিনতে দেখা যায়। তিনি জানান, মানুষ সহজলভ্য প্রস্তুত খাবারের দিকে ঝুঁকছে, ফলে তাজা ফল ও সবজির প্রতি আগ্রহ কমে যাচ্ছে। তবে কিছু উদ্যোগের কারণে ধীরে ধীরে পরিবর্তনও দেখা যাচ্ছে।
স্থানীয়ভাবে কিছু ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্যকর খাবার জনপ্রিয় করতে এগিয়ে এসেছে। তাজা ফল-সবজি, নিরামিষ খাবার ও ঘরে তৈরি স্বাস্থ্যকর খাদ্য সরবরাহের মাধ্যমে তারা মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের চেষ্টা করছে।
চিকিৎসকদের মতে, স্থূলতা ডায়াবেটিস, ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায় এবং এটি সামাজিক বৈষম্যও বাড়িয়ে তোলে। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের ওপর এর প্রভাব বেশি পড়ছে।
তবে অনেক বাসিন্দা মনে করেন, শুধু বিজ্ঞাপন বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না। দারিদ্র্য, সময়ের অভাব এবং সহজলভ্য স্বাস্থ্যকর খাবারের ঘাটতাও বড় কারণ হিসেবে কাজ করছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে তারা সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার সরবরাহ, শারীরিক কর্মকাণ্ড বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগগুলো সফল হলে তা শুধু একটি অঞ্চলের জন্য নয়, বরং সামগ্রিকভাবে জনস্বাস্থ্য উন্নয়নের একটি কার্যকর উদাহরণ হয়ে উঠতে পারে
বিশ্ব থেকে আরো পড়ুন